স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর ভবনের মেয়র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর সিটি করপোরেশনের সব আঞ্চলিক অফিস ও নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, আমার প্রথম কাজ হচ্ছে নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করা। জনগণের করের টাকা দিয়ে বেতন হয়, তাই জনগণের হক আদায় করতে হবে।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে গাসিক প্রশাসনের দায়িত্ব নিয়েছি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সঠিক কাজটাই করতে হবে। কোনোভাবেই সামান্য কারণ দেখিয়ে কোন কোম্পানির ট্রেড-লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে না। দেশকে এই কঠিন অবস্থা থেকে বহির্বিশ্বে গৌরবের উচ্চ শিখর নিয়ে যেতে হবে। সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুই একদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং করা হবে। পরে বিস্তারিত বলা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীব বসাক, নির্বাহী প্রকৌশলী লেহাজউদ্দিনসহ সিটির ৮টি আঞ্চলিক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য রোববার জনপ্রশাসনের অধ্যাদেশে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের অপসারণ পর আজ মঙ্গলবার দায়িত্ব নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।