স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-২২৪৪) আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে ডাম্পিং করা একটি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।