July 9, 2026, 3:07 pm

রবিবার সারা দেশে জমায়েত, সোমবার শোক মিছিল আ. লীগের

Reporter Name
  • আপডেট Saturday, August 3, 2024
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ তারিখ) বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অপরদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে, এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। শুক্রবার (২ আগস্ট) এবং আজকেও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী… যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল রবিবার (৪ আগস্ট) নতুন করে প্রোগ্রাম দিয়েছি।’
নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর