July 9, 2026, 1:51 pm

পাকিস্তানিদের মতো পৈশাচিক নির্যাতন করছে ছাত্রলীগ: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোন অংশে কম? তারা হাসাপাতালে গিয়ে হামলা চালিয়েছে। স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত। বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটিই করছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে। অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত। সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের পরিচালনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, নূর মোহাম্মদ খান প্রমুখ।
মোস্তফা জামাল হায়দার বলেন, মশিউর রহমান যাদু মিয়া ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ডান-বাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন তিনি। আজকে দেশে কী অবস্থা বিরাজ করছে? আমাদের পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ একটার পর একটা ইস্যু বানিয়ে সরকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। গণচীন থেকে একরাশ গ্লানি নিয়ে দেশে ফিরেছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে প্রধানমন্ত্রীর রক্ষা হবে না।
মাহমুদুর রহমান মান্না বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার তো প্রধানমন্ত্রীই বলেছেন। যিনি রাগ করে কোটা বাতিল করেছিল তিনিই আবার সংবাদ সম্মেলনে বলেন আবেগে না কি কোটা বাতিল করেছেন! তাহলে বুঝেন কী অবস্থা? প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা দেশটাকে নির্মমভাবে শাসন শোষণ করছেন। আজকে একজনের সমালোচনা করার কারণে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কী পরিমাণ সন্ত্রাস হয়েছে। এই স্বৈরাচার ও নৃশংস সরকারকে হটাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, মশিউর রহমান যাদু মিয়া দেশের জন্য ও দেশের মানুষের জন্য যা করে গেছেন সেটি বিরল। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের জন্য তিনি আজীবন কাজ করেছেন। বিশেষ করে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাকে ভারতীয় উপমহাদেশে সবাই খুব সমীহ করতো। খুব অল্প সময়েই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।
মাহবুব উল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যে বর্বর হামলা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমি আন্দোলনকারী ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর