July 9, 2026, 7:45 pm

ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ ট্রাক ও বাসের ছাদে যাত্রী নেওয়া যাবে না : অতিরিক্ত আইজিপি

Reporter Name
  • আপডেট Friday, June 14, 2024
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, যাত্রীদের কাছে অনুরোধ ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না। পিকআপ, পশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহণ, বাসের ছাদে যাত্রা করবেন না। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের উচিত একটু দেরি হলেও সুস্থ ও সুন্দরভাবে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করা। অনিরাপদ যাত্রার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এজন্য সারাবছর সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। তবুও আপনারা এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শাহাবুদ্দিন খান বলেন, ঈদের ১ মাস আগে থেকে মেট্রোপলিটন, জেলা, হাইওয়ে পুলিশসহ বিআরটিসি ও পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক মিটিং করেছি। ঈদযাত্রা কিভাবে নির্বিঘ্ন করা যায় সেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও পরিবহণ সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকের বাহিরেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করছি। এবারও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শামসুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বরকতউল্লা খান, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি সীমা রানি সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ আহমেদ চৌধুরি, সহকারী পুলিশ ও নাওজোর কোনাবাড়ী হাইওয়ে থানার (ওসি) শাহাদাত হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর