নিজস্ব প্রতিবেদক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দম বন্ধ পরিস্থিতিতে আমরা বসবাস করছি। আজকে যারা ক্ষমতায় আছেন, তারা নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জিয়াউর রহমানের সাহস, সততা ও আদর্শকে বুকে ধারণ করে সামনে এগুতে হবে। এটা করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুরোপুরিভাবে আমরা ফিরে পাব। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
কাফরুল থানা বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রতিটি দুর্যোগে জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের পূর্বসূরিরা জাতিকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিলেন। কিন্তু সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করলে বাকশাল অব্যাহত রাখা হত। জিয়াউর রহমান নিজে যেমন রাজনীতি করেছেন, তেমনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।