June 1, 2026, 11:42 am

দুর্নীতির অভিযোগে গাজীপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • আপডেট Wednesday, May 15, 2024
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সোমবার (১৩ মে) তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর গত ২৫ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রকিব উদ্দিন শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের তদন্ত শুরু করেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন। মহাপরিচালক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠান। ওই সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণিত অভিযোগসমূহ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। তার বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মোকদ্দমার তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কায় জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, আলোচিত শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চার বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, শিক্ষকদের বদলিতে ঘুষ নেওয়া, সহকারী শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, টাকা নিয়ে বেসরকারি স্কুলের কোড ও অনুমোদন এবং হয়রানি করাসহ নানা অভিযোগ উঠে। গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররের বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বরখাস্তের আদেশ গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর