স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রধম ধাপের উপজেলা নির্বাচনে গাজীপুরের কালিগঞ্জ, কাপাসিয়া ও গাজীপুর সদর মোট তিনটি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এই ৩টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৩৬ জন প্রার্থী। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, কাপাসিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কাপাসিয়া থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এ ছাড়াও কালিগঞ্জ উপজেলা থেকে উপজেলা জামায়াতের আমীর মাহমুদুল হাসানও প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে বলে জানান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
৩টি উপজেলায় ৩৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাচাই শেষে বৈধতা পায় ৩৫ জন। একজন প্রার্থী বাদ পড়ার পর আপিল করলে ওই প্রার্থীও তার প্রার্থীতা ফিরে পায়। এতে মোট প্রার্থী হন ৩৬ জন। সোমবার ২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় মোট ৩৪ জন প্রার্থী ভোটের মাঠে থাকছেন। আজ মঙ্গলবার এই ৩ উপজেলাসহ সারাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।