May 25, 2026, 9:44 pm

ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় যানজটমুক্ত হবে : হাইওয়ে পুলিশ প্রধান

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান বলেছেন, ‘গত কয়েক বছরের ঈদযাত্রা যেমন সুন্দর হয়েছে, নিরাপদ হয়েছে, স্বাচ্ছন্দ্যময় হয়েছে, যানজট মুক্ত হয়েছে; এবারও এই রকম স্বাচ্ছন্দ্যময়, যানজট মুক্ত এবং আরও একটু ভালো ঈদযাত্রা জনগণকে উপহার দিতে সক্ষম হবো।’ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাত্রায় শামিল না হওয়ার আহ্বান জানিয়ে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ‘শিল্প কারখানা অধ্যুষিত অঞ্চলের শ্রমিক ভাইয়েরা তারা কিন্তু অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হন। খোলা ট্রাকে উঠে, পিকআপে উঠে, বাসের ছাদে উঠে পড়েন। এভাবে নানানভাবে নিজের জীবন ঝুঁকিপূর্ণ করে তোলেন এবং অনেকবার দেখেছি, এক্সিডেন্ট হয়ে বহু জীবন ঝড়ে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা বলব, আপনারা সচেতনভাবে নিজের জীবন ভালোবেসে, অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হবেন না।’
যানবাহনের চালক, মালিক ও শ্রমিকদের উদ্দেশে অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বলেন, ‘আপনারা কোনোভাবেই এ ধরণের খোলা ট্রাক, অনিরাপদ যেসব যানবাহন আছে, বিশেষ করে বাসের ছাদে, পিকআপে ও পণ্যবাহী বিভিন্ন যানে আপনারা কোনোভাবে যাত্রী তুলবেন না। এসব যানবাহনে যাত্রী বহন করা বেআইনি, সম্পূর্ণ নিষিদ্ধ। আমরাও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ রাস্তায় তৎপর আছি। আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো, কোনোভাবেই ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রা করতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে যে নিরাপত্তা সেবা আমরা দিচ্ছি, সেখানে আমাদের অনেক পুলিশ সদস্য মোতায়েন থাকে। আমাদের মোবাইল পেট্টোল পার্টি থাকে, সাদা পোশাকে ডিউটি থাকে, আমাদের রেকার ব্যবস্থাপনা থাকে, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা থাকে। অনেক সময় কোনো গাড়ি বিকল হয়ে রাস্তায় যানজট তৈরি হয়, যাতে এগুলো কীভাবে উৎরাতে পারি, তার জন্য মহাসড়কের সমস্ত জায়গায় যে মেকার রয়েছে; যারা গাড়ি মেরামতকারী, তাদের তালিকা তৈরি করে প্রস্তুত রেখেছি, আমাদের কন্টোল রুমেও রেখেছি। যাতে কোনো গাড়ি বিকল হলে, দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চালু করে যানজট মুক্ত করতে পারি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর