নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট ব্রিগেড’ কার্যক্রমে জেলার প্রান্তিক জনগোষ্ঠী সন্তোষ প্রকাশ করেছে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই স্মার্ট ব্রিগেড যেকোনো তথ্য পৌঁছে দেবে জেলার সর্বস্তরের নারী ও পুরুষদের মাঝে। এতে করে কৃষক শ্রমিক দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের নারী-পুরুষ উপকৃত হবে। তারা সহজেই সরকারি যেকোনো সেবা কীভাবে নিতে হয়, এক ক্লিকেই জানতে পারবে। এতে করে একদিকে বাঁচবে সময়, অপরদিকে সহজেই যেকোনো তথ্য বা সেবা পাবে জেলার মানুষ।
শনিবার একযোগে পুরো জেলার স্মার্ট ব্রিগেড কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন ব্রিগেড কার্যক্রম উদ্বোধন করে স্মার্ট ব্রিগেড সদস্যদের উৎসাহিত করেন।
জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, বর্তমান আধুনিক যুগেও আমাদের কৃষকরা ডিজিটাল পদ্ধতির সাথে খুব একটা পরিচিত না। তবে সবাই এখন স্মার্ট ফোন ব্যবহার করে। কিন্তু এই ফোনের মাধ্যমে যে খুব সহজেই যে কোনো সেবা পাওয়া যায়, সেই বিষয়টি জানা ছিল না। তবে স্মার্ট ব্রিগেড নামের যেই সেবা কেন্দ্র চালু করা হয়েছে, এতে করে আমরা কৃষকরা অনেক উপকৃত হয়েছি। আমরা এখন সহজেই জানতে পারি কৃষি জমিতে কতটুকু সার, কীটনাশক বা ভাইরাস রোধে করণীয় কী। এ ছাড়াও আলুর জমিতে পানি বেশি দিয়ে ফেললে বা বৃষ্টির পানি জমে গেলে হতাশাগ্রস্ত না হয়ে সহজ পদ্ধতি অবলম্বন করে ফসল রক্ষার উপায় জানতে পেরেছি। তারা জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানান।
জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্মার্ট ব্রিগেড’ গঠন করা হয়েছে। এই ব্রিগেড জেলার গ্রামীণ জনপদ ঘুরে ঘুরে উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেবে। গ্রামের প্রান্তিক পর্যায়ের শ্রমিক, কৃষক ভাইদের ডিজিটাল ডিভাইস তথা ল্যাপটপ, প্রিন্টার, স্মার্ট ফোন, রাউটার ইত্যাদির মাধ্যমে ভীতি দূরীকরণে, মানুষের দৈনন্দিন সমস্যাসমূহের সমাধানের জন্য তথ্য উপাত্ত সরবরাহকরণে কাজ করবে স্মার্ট ব্রিগেডের সদস্যরা। এ ছাড়াও স্মার্ট ব্রিগেড ফ্রিল্যান্সিং, বেসিক কম্পিউটিং, সাইবার সিকিউরিটি জ্ঞান সম্পর্কে শিশু থেকে বৃদ্ধ সকলকে জানানোর মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনে সরাসরি ভূমিকা পালন করবে স্মার্ট বিগ্রেড।