July 9, 2026, 7:29 pm

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি অভিযানের নামে সারা ঢাকা শহরে ‘তাণ্ডব’ চলছে

Reporter Name
  • আপডেট Tuesday, March 5, 2024
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অভিযানের নামে সারা ঢাকা শহরে ‘তাণ্ডব’ চলছে মন্তব্য করে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব বলেছেন, রেস্তোরাঁ শিল্পের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে। সংগঠনটির অভিযোগ, কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকার জন্য রেঁস্তোরাগুলো বিরুদ্ধে বর্তমান অভিযান চালানো হচ্ছে। সংগঠনটি মনে করে, ছোট ব্যবসায়ীদের ব্যবসা থেকে সরিয়ে পুঁজিপতিরা পুরো খাতের নিয়ন্ত্রণ নিতে চান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
সংবাদ সম্মেলন থেকে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘দেশের বড় করপোরেট কোম্পানিগুলো রেস্তোরাঁ খাতেরও দখল নিতে চায়, সেজন্য ষড়যন্ত্র চলছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জুলুম করে রেস্তোরাঁ ব্যবসাকে শতভাগ করপোরেট কোম্পানিগুলোর অধীনে নিতেই কোনো সমাধান না খুঁজে রেস্টুরেন্ট সিলগালা করা হচ্ছে।’ গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের যে পরিমাণ হয়রানি করা হচ্ছে, তা কোনো সভ্য দেশে হতে পারে না। তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। এই দুর্নীতিবাজ অফিসাররা কেন এত দিন ঘুমিয়ে ছিল?’
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করতে হয়। এজন্য বর্তমান সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন। তার হস্তক্ষেপ না হলে বেকারি শিল্পের মতো রেস্তোরাঁ শিল্পও ধ্বংস হবে।’
‘এখন রাজধানীর সকল রেস্তোরাঁয় সিটি করপোরেশন, রাজউক বা সরকারের আরও অনেক সংস্থা হয়রানি করছে। এখন যে পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে।’
মঙ্গলবার সকালে নবাবী ভোজ নামের একটি রেস্তোরাঁ বন্ধ করেছে, অথচ এই রেস্তোরাঁয় সরকারের প্রয়োজনীয় ১২টি সংস্থার লাইসেন্স রয়েছে। রাজধানীতে অভিযানে এ পর্যন্ত ৪২টি রেস্তোরাঁ বন্ধ হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, ‘তারা এখন বলছে, গ্যাস সিলিন্ডারেরও লাইসেন্স লাগবে। সিলিন্ডার কি আমরা বানিয়েছি? সিলিন্ডার তো বাজার থেকে নিয়েছি। তাহলে যারা সিলিন্ডার বিক্রি করছেন, তারা কি লাইসেন্স ছাড়া বিক্রি করছেন? আমরা আর কত লাইসেন্স দেখাব!’
তিনি আরও বলেন, ‘ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করতে হলে একাধিক সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। সব রেস্তোরাঁয় কিছু না কিছু সনদ থাকে। কারও কাছে কয়েকটি সনদ থাকলে সেই রেস্তোরাঁ অবৈধভাবে ব্যবসা করছে- তা বলার সুযোগ থাকে না। প্রশাসনের নাকের ডগায় বসে অনুমোদনহীন রেস্তোরাঁ ব্যবসা সম্ভবও নয়।
‘এরপরও যদি কেউ আইনের ব্যত্যয় করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। ঢালাওভাবে রেস্তোরাঁ বন্ধ করা কোনো সমাধান নয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তো হবেন, বেকার হবেন আরও অনেকে। ভবনের মালিকেরা ভাড়া বঞ্চিত হবেন।’
টাস্কফোর্স গঠনের প্রস্তাব:
সংবাদ সম্মেলন থেকে তদারকি প্রতিষ্ঠানগুলোর অভিযানে ‘ঢালাওভাবে’ সিলগালা না করে সুষ্ঠুভাবে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছে মালিক সমিতি।
সমিতির নেতা ইমরান বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা সমাধানে একটি কার্যকর টাস্কফোর্স গঠন করে আগামী তিন থেকে ছয় মাসের সমস্ত রেস্তোরাঁকে কমপ্লায়েন্সের (সুনির্দিষ্ট নির্দেশাবলী) আওতায় নিয়ে আসার জন্য কাজ করতে হবে।
‘এই টাস্কফোর্সে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে লোক থাকতে হবে। টাস্কফোর্সে রেস্তোরাঁ মালিক সমিতির লোক থাকবে, প্রয়োজনে এফবিসিসিআই এবং বুয়েটের বিশেষজ্ঞ থাকবে।’
গঠিত টাস্কেফোর্স তিন থেকে ছয় মাস ধরে একটি কমপ্লায়েন্স তৈরি করবে- এমন প্রস্তাব রেখে তিনি বলেন, ‘সেই কমপ্লায়েন্স পূরণ করতে পারলে রেস্তারাঁ মালিক ব্যবসা করবে। নির্দিষ্ট একটা সময় দেবে, এর মধ্যে কমপ্লায়েন্স পূরণ করতে না পরলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। তবে যাদের যেভাবে সময় প্রয়োজন, অর্থাৎ কারো এক মাস, আবার কাউকে তিন মাস সময় দিতে হবে।’
দেশের রেস্তোরাঁ ব্যবসাকে সরকারের সকল প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ মালিক সমিতি মিলে একটি নিরাপদ খাতে উন্নীত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণ যায়। বাণিজ্যিক ভবন হিসেবে অনুমোদন নিলেও সেখানে রেস্তোরাঁ করার অনুমতি ছিল না। অথচ আট তলা ওই ভবনে ব্যবসা করছিল ১৪টি রেস্তোরাঁ ও খাবারের দোকান।
ভবনে ছিল না কোনো ফায়ার এক্সিট। একমাত্র সিঁড়িতে রাখা ছিল গ্যাস সিলিন্ডারসহ রেস্তোরাঁর মালামাল। কাঁচে ঘেরা ভবনের উপরের তলাগুলো থেকে নামতে না পেরে ধোঁয়ার বিষক্রিয়ায় অধিকাংশের মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর