স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিশ্ব ইজতেমার ১ম পর্ব শেষ হওয়ার একদিন পর আজ মঙ্গলবার বেলা ৩ টায় আহসান উল্লাহ মাষ্টার ষ্টেডিয়ামে টঙ্গীর তুরাগ নদের তীরে দ্বিতীয় পর্বের আয়োজক সাদপহ্নী মুরুব্বীদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন। মাঠ বুঝে নেয়ার পর পরই সাদপন্থী আয়োজকরা মাঠ গুছিয়ে নিতে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে মুসল্লীরাও ময়দানে প্রবেশ করতে শুরু করেছে।
মাঠ হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, বিশ্ব ইজতেমা এক ও দুই পর্বের আয়োজকদের মধ্যে খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জি: মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, ডা. এামুর হাসেমী, ডা. আজগর আলী, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমীনসহ জেলা প্রশাসক. সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগের কর্মকতাগর্ন প্রমূখ উপস্থিত ছিলেন।
মহানগর প্রশাসন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক যোবায়েরপন্থীদের কাছ থেকে মঙ্গলবার সকাল ১১টার দিকে ইজতেমাস্থল বুঝে নিয়ে একইদিন বিকেল ৩ টায় দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ময়দান বুঝিয়ে দেয়ার সাথে সাথে আয়োজকরা ময়দানে কাজ শুরু করেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান জানান, ময়দানের প্যান্ডেল, বিদ্যুৎ সংযোগসহ ব্যবহার্য সবকিছু ঠিকঠাক আছে। দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে সকল প্রস্তুতি গ্রহণ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে। আশা করছি সকলের সহযোগীতায় ইজতেমার প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হবে।
গত ২,৩,৪ ফেব্রুয়ারী তিনদিন তুরাগ নদের তীরে যোবায়েরপন্থিরা বিশ^ ইজতেমার প্রথম পর্বের আয়োজন করেছিলেন। সে সময় কোনো সমস্যা হয়নি, নির্ঝঞ্জাটভাবে তাদের ইজতেমা সম্পন্ন হয়েছে।
সাদ পন্থী তাবলীগ পরিচালনা কমিটির একজন সদস্য জানান, মঙ্গলবার ৩ টায় আমারা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ইতিমধ্যে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হচ্ছেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে বিশ^ ইজতেমার মূলকার্যক্রম শুরু হবে। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ। ইজতেমা ময়দানে আগের পর্বের মুসুল্লীদের পরিত্যাক্ত খাবার-ময়লা পরিস্কার করা হচ্ছে। সিটি কপার্েরেশন ও জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করছেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান আরো জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৫০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন রয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্লিসিং পাউডারসহ অন্যান্য উপকরণ মজুত রয়েছে। এ পর্বেও আয়োজকদের প্রস্ততি কাজে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ (জিএমপি) কমিশনার ইব্রাহিম খান বলেন, দ্বিতীয় পর্বের ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রথম পর্বে যে ব্যবস্থা ছিল, দ্বিতীয় পবের্ও একই ব্যবস্থা থাকবে। আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারী) থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ কান্ধলাভী অনুসারীদের বিশ্ব ইজতেমা এবং তা চলবে রোববার (১১ ফেব্রুয়ারী-২০২৪ জানুয়ারী) পর্যন্ত।