বিনোদন ডেস্ক :: ‘ধূমকেতু’র পর জাকির হোসেন রাজু স্যারের ‘ভালো থেকো’ করেছিলাম আরিফিন শুভর সঙ্গে, পরে তাঁর সঙ্গেও কিন্তু আর কাজ হয়নি
জায়েদ খানের সঙ্গে একটা ভিডিও প্রকাশ করেছেন। কী কাজ করলেন দুজনে?
আমরা একটা ওভিসি করেছি। তবে পণ্য, পরিচালক কে—সেসব নিয়ে বলা বারণ। খুব শিগগির একটা সংবাদ সম্মেলন করে সব জানানো হবে।
জায়েদের কণ্ঠে একটি গান শোনা গেছে। এটি কি আপনাদের নতুন ছবির গান?
আরে না না! জায়েদ ভাই এমনিতে এটি গেয়েছেন। আমাদের দুজনের একসঙ্গে ছবি করার কথা রয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হবে সব।
শাকিব খানের সঙ্গে ‘ধূমকেতু’ করে আলোচনায় এসেছিলেন। এরপর তাঁর সঙ্গে আর দেখা যায়নি আপনাকে…
একটা চলচ্চিত্রে কে অভিনয় করবেন, সেটা প্রযোজক-পরিচালক সিদ্ধান্ত নেন। অভিনেতা-অভিনেত্রীদের কিছু করার থাকে না।
‘ধূমকেতু’র পর জাকির হোসেন রাজু স্যারের ‘ভালো থেকো’ করেছিলাম আরিফিন শুভর সঙ্গে, পরে তাঁর সঙ্গেও কিন্তু আর কাজ হয়নি।
ছোট পর্দায় মোশাররফ করিমের সঙ্গে আপনাকে বেশ কয়েকটি নাটকে পাওয়া গেছে। নতুন আর কোনো কাজ করেছেন আপনারা?
আমাদের অভিনীত ‘বউ ভীষণ পাওয়ারফুল’, ‘আড্ডাবাজ’, ‘জাস্ট মৌমিতা’ নাটকগুলো থেকে বেশ সাড়া পেয়েছি। সম্প্রতি মোশাররফ ভাইয়ের সঙ্গে ‘সত্য বলতে চাই’ ও ‘ফরেন লাভার’ নামে দুটি নাটকে কাজ করেছি। নাটক দুটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
‘সত্য বলতে চাই’ নাটকটি রোজার ঈদের দিন বাংলাভিশনে প্রচারিত হবে। ‘ফরেন লাভার’ প্রচারিত হবে হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আরো কয়েকটি নাটকের প্রস্তাব আছে মোশাররফ ভাইয়ের সঙ্গে। সামনে হয়তো চূড়ান্ত হবে।
সম্প্রতি আর কী কী করলেন?
আলোক হাসানের একটি স্বল্পদৈর্ঘ্য করলাম, নাম ‘দিয়া’। দারুণ একটা কাজ হয়েছে। এ ছাড়া ওমর ফারুকের নাটক ‘আপনজন’-এর শুটিং করলাম। আমার সঙ্গে অভিনয় করেছেন সমু চৌধুরী ও জামিল হোসেন। এ ছাড়া টিভিসি, ওভিসি তো নিয়মিতই করছি।
নতুন চলচ্চিত্রের কী খবর?
গত বছর চুক্তিবদ্ধ হয়েছিলাম ‘তারামন বিবি’ চলচ্চিত্রে। বীরপ্রতীক তারামন বিবির জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আমি তারামন বিবির চরিত্রেই অভিনয় করব। পরিচালনায় আমিনুর ইসলাম লিটন। এ ছাড়া সাদেক সিদ্দিকীর পরিচালনায় সরকারি অনুদানের ছবি ‘দেনা পাওনা’তে দেখা যাবে আমাকে। আরো দুটি চলচ্চিত্রের প্রস্তাব আছে। এ বছর আমাকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও দর্শক নিয়মিত দেখতে পাবেন।