নিজস্ব প্রতিবেদক, সিলেট :: বাংলাদেশে ১৭০ মিলিয়ন মানুষ। পৃথিবীর মধ্যে ৩৩ তম অর্থনীতির দেশ। আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ, ওখানে উল্টাপাল্টা করতে পারে তারা। বাংলাদেশের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি ধামকিতে কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সকালে সিলেট নগরে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।’
বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা মনে করছে নির্বাচনে এলে, তাঁরা ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাঁদের হেদায়েত দান করুক।’
সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন নগরের উপশহর এলাকায় সকালে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
প্রচারণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, সৈয়দা রাবেয়া ইসলাম, সুলতানা বেগম, ওয়ার্ড সভাপতি জাভেদ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ, তারেক আহমদ, সুযেব আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।