July 9, 2026, 9:52 pm

টঙ্গীতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে থানায় স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

Reporter Name
  • আপডেট Thursday, December 21, 2023
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলামের ঈগল মার্কা পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী পূর্ব থানায় প্রার্থীর পক্ষে অভিযোগ জমা দেন ঈগল প্রতীকের কর্মী বিল্লাল হোসেন।
অভিযোগে বলা হয়, টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের ধূমকেতু কেন্দ্রের সামনে পোস্টার লাগানো ছিল ঈগল প্রতীকের। কে বা কারা ঈগল প্রতীকের পোস্টারে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা আশপাশ থেকে আরো পোস্টার ছিঁড়ে একসাথে করে একাধিক জায়গায় আগুন ধরায়। এতে কর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। বিষয়টি ফৌজদারি অপরাধ বিধায় থানায় তাৎক্ষণিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে আরো বলা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এরশাদনগরে ঈগল প্রতীকের প্রচারণায় হামলা করেন নৌকা সমর্থকরা।
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচনী অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। বাদীর সন্দেহ নৌকা প্রতীকের লোকজন পোস্টারে আগুন ধরিয়ে থাকতে পারে। অভিযোগকারী গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বলেন, বারবার আমার প্রচারণায় হামলা করা হচ্ছে। আমি নিরাপত্তা চাই।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতি বলেন, অভিযোগটি মিথ্যা। আমাদের কোনো লোক এমন কাজ করতে পারে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
অভিযোগের তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এসআই কায়সার হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর