July 9, 2026, 11:09 pm

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার বাংলাদেশের

Reporter Name
  • আপডেট Wednesday, December 20, 2023
  • 135 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: সৌম্য সরকারের ১৬৯ রানের উপর ভর করে ২৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তবে ব্যাটিং সহায়ক উইকেটে সেটা টপকাতে কোনো সমস্যাই হয়নি নিউজিল্যান্ডের। ৭ উইকেট ও ২২ বল বাকি রেখে দ্বিতীয় ওয়ানডে জিতল কিউইরা। স্বাগতিকদের হয়ে ৮৯ রান করেন উইল ইয়ং আর হেনরি নিকোলসের ব্যাট থেকে আসে ৯৫ রান। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
এবার সেঞ্চুরি হাতছাড়া করলেন নিকোলস
উইল ইয়ংয়ের পর সেঞ্চুরি হাতছাড়া করলেন নিকোলস ।শরীফুলের শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে রিশাদের হাতে ধরা পড়েছেন তিনি। তার ব্যাট থেকে আসে ৯৫ রান।
উইল ইয়ংকে সেঞ্চুরির আগেই থামালেন হাসান 
হেনরি নিকোলস হাসান মাহমুদের ওভারে টানা তিন চার মারার পর সিঙ্গেল নিয়ে তিনি গেলেন আরেক প্রান্তে। চতুর্থ বলে লিডিং-এজে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন উইল ইয়াং। তার ব্যাট থেকে আসে ৮৯ রান।
ইয়াংয়ের ৫০, নিউজিল্যান্ডের ১০০
১৭তম ওভারেই দলীয় রান ১০০ পূর্ণ হলো নিউজিল্যান্ডের। ৫১ বলে ফিফটি পূর্ণ করেছেন উইল ইয়ং। এর আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছি দুর্দান্ত এক সেঞ্চুরি।
রিশাদের দুর্দান্ত ক্যাচে রাচিনকে ফেরালো বাংলাদেশ
প্রথম ৫ বলে হজম করেন ১৫ রান, শেষ বলে বিধ্বংসী হয়ে ওঠা কিউই ব্যাটার রাচিনকে আউট করে কিছুটা পোষালেন হাসান মাহমুদ।
মিড উইকেটে রাচিনের দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অভিষিক্ত রিশাদ হোসেন। ফেরার আগে ৩৩ বলে ৪৫ রান করেন রাচিন। ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭৬ রান।
রাচিনে ছুটছে নিউজিল্যান্ড

শুরুতে সতর্ক থাকলেও এরপর হাত খুলেছেন রাচিন। একের পর এক বাউন্ডারিতে স্কোরবোর্ডে দ্রুত রান তুলছেন এই ওপেনার। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে বিনা উইকেটে জমা হয়েছে ৬১ রান।
এবার শুরুতে সতর্ক নিউজিল্যান্ড
প্রথম ম্যাচে প্রথম ওভারেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং শুরু থেকেই টাইগার বোলারদের দেখেশুনে খেলছেন। ৪ ওভারে বিনা উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ রান, যার ৬ রান এসেছে চতুর্থ ওভারে।
সৌম্যের ১৬৯, বাংলাদেশের ২৯১
শেষ ওভারের প্রথম বলে সৌম্য আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে অলআউট হয় বাংলাদেশ। তবে তার আগে বাংলাদেশের জার্সিতে ইতিহাসের অন্যতম সেরা ওয়ানডে ইনিংস এলো তার ব্যাট থেকে। ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায় ১৬৯ রান করেন সৌম্য। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর। বাংলাদেশ অলআউট হয়েছে ২৯১ রানে।
রিয়াদকে ছাড়িয়ে গেলেন সৌম্য
নিউজিল্যান্ডের মাটিতে ২০১৫ বিশ্বকাপে ১২৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের মাটিতে ওদের বিপক্ষে এতদিন এটাই ছিল কোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের ইনিংস। ৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সৌম্য সরকার। আজ তিনি এখন পর্যন্ত অপরাজিত আছেন ১৩১ রানে।
৫ বছর পর সৌম্যের সেঞ্চুরি
৫ বছর পর আন্তর্জাতিক ওয়ানডেতে সৌম্যের ব্যাটে সেঞ্চুরির দেখা মিললো। এর আগে সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে তিন অঙ্কের ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি এসেছে ১১৫ বলে।
মুশফিকের আউটে ভাঙলো প্রতিরোধ
৮০ রানে ৪ উইকেট হারানোর পর সৌম্য ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। দুজনের জুটিতে চাপ কাটিয়ে বড় সংগ্রহের আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু ৪৫ রান করা মুশফিক ফেরায় ভাঙলো তাদের ৯১ রানের জুটি। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান।
সাড়ে চার বছর পর সৌম্যের ব্যাটে ফিফটি
আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে চার বছর পর ফিফটির দেখা পেলেন সৌম্য সরকার। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে ফিফটির দেখা পেয়েছিলেন। আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন আর আজ ৫৮তম বলে ক্যারিয়ারের ১২তম ওয়ানডে ফিফটি পূর্ণ করলেন। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান।
দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরলেন হৃদয়
দারুণ এক স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন সৌম্য, তবে সেটা কিউই পেসার জস ক্লার্কসনের পায়ে লেগে আঘাত হানে স্টাম্পে আর তখন হৃদয় নন স্ট্রাইকে ক্রিজের বাইরে! ফলে রান আউট হয়ে ফিরতে হলো তাকে। এর আগে তিনি করেন ১৬ বলে ১২ রান। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান।
প্রথম পাওয়ার প্লেতে রান ৪৪, নেই ৩ উইকেট
১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৪ রান। তবে এর মধ্যেই ৩ ব্যাটার ফিরে গেছেন। ফলে শুরুতেই চাপে পড়েছে টাইগাররা।
দলকে বিপদে রেখে ফিরলেন লিটনও
আগের বলেই দারুণ এক পুল শটে চার হাঁকান লিটন কুমার দাস। পরের বলে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়লেন তিনি। ফেরার আগে ১১ বলে ৬ রান করেন তিনি। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান।
এবার ফিরলেন নাজমুল হোসেন শান্ত
এক বল আগেই ধারাবাষ্যকাররা অতিরিক্ত বাউন্সারের কথা বলছিলেন। এবার সেটার শিকার হয়েই ফিরলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লেংথ বলে খেলবেন কি না, এমন সংশয়ে লিডিং এজ হয়ে আউট হন তিনি।
শুরুতেই ফিরলেন বিজয়
আগের ম্যাচে ৩৯ বলে ৪৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এই ম্যাচে শুরুতেই ফিরলেন এনামুল হক বিজয়, করলেন ১২ বলে ২ রান। ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার টস জিতে আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান আর আফিফ হোসেনের জায়গায় অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।
নিউজিল্যান্ড দলে পরিবর্তন একটি। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় অভিষেক হচ্ছে আদি অশোকের। দুই ম্যাচ মিলে কিউইদের অভিষেক হলো ৩জনের।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ- উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদি অশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রর্ক।
স্বাগত
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আপনাদের স্বাগত। ডানেডিনে প্রথম ম্যাচ হারার পর আজ নেলসনে সিরিজে সমতার ফেরানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। পুরো ম্যাচে লাইভ আপডেট জানাবে মানবজমিন, সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর