নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু নেই। তবে আমরা এককভাবে নির্বাচন করব, এটা এখন পর্যন্ত নিশ্চিত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল রাতে আওয়ামী লীগের সাথে মিটিংয়ের বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাপা মহাসচিব বলেন, গত দুদিন ধরে নির্বাচনকে সামনে রেখে জাপার কী অবস্থান হবে তা নিয়ে সবাই অপেক্ষায় ছিলেন। নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে আলোচনা করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা আমাদের আহ্বান করেন। সেই আলোচনা করতে আমরা গতকাল বৈঠকে বসেছিলাম।
তিনি বলেন, কীভাবে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে আয়োজন করা যায়, ভোটার নিয়ে আসা যায় সেই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে এ সময় ভোটের আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হয়নি। এবারের নির্বাচনে ৯১ সালের নির্বাচনের মতো জাপার পক্ষে একটা বিপ্লব ঘটতে পারে বলে মনে করেন চুন্নু। তিনি বলেন, তাই আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। কোনোভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীরা যাতে ভয় ভীতি দেখাতে না পারে সেই চেষ্টা আমরা করছি।