July 9, 2026, 6:21 am

তৃণমূল বিএনপি ও বিএনএমকে ‘ফকিরনি পার্টি’ অ্যাখ্যা শাহজাহান ওমরের

Reporter Name
  • আপডেট Friday, December 1, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তৃণমূল বিএনপি ও বিএনএম দলকে ‘ফকিরনি পার্টি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে যোগদান করা বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।  বৃহস্পতিবার বিকালে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
এ সময় তৃণমূল বিএনপি ও বিএনএমকে উদ্দেশ করে শাহজাহান ওমর বলেন, ‘ওগুলো তো ফকিরনি পার্টি। দুই-তিন কোটি টাকা নিয়ে নির্বাচনে যাচ্ছে। যোগ্যতা থাকলে সরাসরি যাও। যোগ্যতা আছে বিধায় নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।’
গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বুধবার বিকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। তার দাবি, স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে গেছেন।
বিএনপি ছাড়ার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিয়েছি। জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।’
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, ‘ওরা (বিএনপি) যাচ্ছে (নির্বাচনে) না, আমি কী করব? স্বতন্ত্রে যাব কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি করছে (নির্বাচন) না। আর যেখানে আমার অপশন আছে, সেখানে স্বতন্ত্রে যাব কেন, নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি। স্বতন্ত্র বলতে কোনো জিনিস আছে নাকি? স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন, যখন বেটার অপশন আছে।’
তিনি আরও বলেন, ‘জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা, আমি তো মনে করি এটা প্রমোশন। বিএনপির ২০১৪ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল। ২০১৮-তে নির্বাচনে যাওয়া ভুল ছিল। এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কি না?’
শাহজাহান ওমর বলেন, ‘আসলে বিএনপিতে কেউ কোনো কথা বলতে চায় না। শুধু তারেক রহমান বিষয় না। সব মিলিয়ে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। বিএনপি থেকে অবসর নেওয়ার বিষয়ে ২০২২-এ আমি চিঠি দিয়েছি। আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
উল্লেখ্য, এর আগে শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে একাধিকবার সংসদ-সদস্য নির্বাচিত হন। এছাড়া বিএনপি সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর