স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পঞ্চমবারের মতো নৌকা মার্কায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ণের কথা তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন এলাকায় আল-আকসা জামে মসজিদের পুনর্নিমাণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ২০০৪ সালে ৭ মে শুক্রবার আমার বাবা সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। চারবারের সংসদ সদস্য হয়েও কোনো দুর্নীতি করিনি। তিনি আরো বলেন, আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার মারা যাওয়ার আগ পর্যন্ত আপনাদের সেবা করে গেছেন। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের সেবা করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. আফজাল হোসেন হিমেল, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ আমান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।