মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। ৫টি আসনের মধ্যে তিনটিতে নারী ও দুইটিতে পুরুষ প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
গাজীপুর-১ আসনে পুর্নরায় মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল, নতুনমুখ গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের সভাপতি মন্ডলের সাবেক সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী, পুর্নরায় গাজীপুর-৪ আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি মনোনয়ন পেয়েছেন।
অপরদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি গাজীপুর-১ আসনে চতুর্থবার নৌকার মনোনয়ন পাওয়ায় রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীরের নেতৃত্বে কালিয়াকৈর বাসষ্টেশন, সফিপুর এলাকায় আনন্দ মিছিল করে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অংগসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে ৫ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় টঙ্গীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মিছিলটি টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি, মতিউর রহমান বি কম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুর হক, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমির হামজা, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন,৩৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু প্রমুখ।