নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ৯টি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ করে পড়ে যায়।
এসময় খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক, হেলপার এবং কভার্ডভ্যান চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি যানবাহন। এ ঘটনার পর সোমবার রাতে ক্রেন দিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে সরানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এমনকি কোনো কোনো খুঁটিতে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি খুঁটি বাস ও মালবাহী গাড়িতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানারা ফেরদৌস বলেন, নতুন ব্রিজ নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ কাজের কারণে বিভিন্নস্থানে খোঁড়াখুঁড়ি হয়েছে। এছাড়া অল্প কিছুদিন আগে বিদ্যুতের নতুন খুঁটিগুলো স্থাপন করা হয়। ফলে এমনিতেই মাটি নরম ছিল। গত শুক্রবার সারাদিন মুষলধারে বৃষ্টির কারণে খুঁটির নিচের মাটি সরে যাওয়ায় ওই ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং থানা ও হাইওয়ে পুলিশে একযোগে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত ১২টায় ক্রেন দিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে সরাতে সক্ষম হয়। ওই ঘটনার পর আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট দেখা দেয়। এদিকে মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।