স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে গোপনে প্রস্তুতি সভার আয়োজন করে গাজীপুর মহানগর তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। পরে গোপনে করা এ সভা থেকে ৫৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৬৯ জন সহ অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। গ্রেফতারের সময় নাশকতায় ব্যবহারের জন্য ২ লিটার পেট্রোল সহ হাতে তৈরি মশাল, লাঠিসোটা এসএস পাইপ সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।থানার হাজতখানায় স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় নেতাকর্মীদের স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক থেকে বিএনপি নেতাকে আটক করা হয়। পরে রাতেই ৫৭জনকে গ্রেফতার দেখায় পুলিশ। থানায় আটকের পর আসাদুজ্জামান আসাদ নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ দলীয় গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল মন্ডলের বড় ভাই। তবে গ্রেফতার হওয়া বাকি নেতাকর্মীদের নাম প্রকাশ করা হয় নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো কথা। টঙ্গী পূর্ব থানায় স্থান-সংকুলন না হওয়ায় পার্শ্ববর্তী দুইটি থানায় নেতাকর্মীদের রাখা হয়েছে।