নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুঙ্কার দিচ্ছে সব অচল করে দেবে। এসব হুমকি-ধমকি এদেশের মানুষ পছন্দ করে না। বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সব প্রস্তুতি রয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছরই সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এবছরও বেড়েছে। মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি ৬ লক্ষ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মণ্ডপ কমিটিগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি পর্যাপ্ত সিসি-ক্যামেরা ও ভলান্টিয়ার রাখার জন্য। অনেকে মনে করে পূজাকে কেন্দ্র করে কিছু একটা হতে পারে। তবে আমরা মনে করি কিছুই হবে না। শান্তিপূর্ণভাবেই পূজা শেষ হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমিও আইনের ঊর্ধ্বে নই। যে-ই অন্যায় কিছু করবে, তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ প্রমুখ। পরে উপজেলা প্রশাসন আর্ট স্কুল উদ্বোধন করেন মন্ত্রী। এরপরই শ্রী শ্রী রাধামো মদন মোহন জিউর আখড়া পরিদর্শন করেন। বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।