নিজস্ব প্রতিবেদক :: নিরাপদ সড়কের জন্য সচেতনতা তৈরিতে রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে চালক, পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-কর্মসূচির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অনুষ্ঠানে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য বিআরটিএ জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পালন করে আসছে। বিআরটিএ তার গ্রাহকসেবাগুলোকে আরো সহজ ও দ্রুততর করেছে। বিআরটিএ তার গ্রাহকদের জন্য সেবাগুলোকে স্মার্ট করেছে। এসব বিষয় গ্রাহকরা যত বেশি জানবেন তারা তত বেশি সহজে সেবা পাবেন।’
আইন মেনে সড়কে চলাচল করার জন্য চালকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি-এই স্লোগান সামনে রেখে আমরা এবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করছি। সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও নিরাপদ সড়কের জন্য কাজ করছে। রোড সেফটি অ্যালায়েন্স আজ থেকে যে কর্মসূচি শুরু করেছে তা যত বেশি পালন করা হবে সচেতনতা তত বেড়ে যাবে। কারণ সড়কে মানুষের মৃত্যু নিয়ন্ত্রণে আনতে সচেতনতার বিকল্প নেই।’
অনুষ্ঠানে রোড সেফটি অ্যালায়েন্সের ২৫টি সংগঠনের কর্মীরা দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত বনানী ও কাকলী এলাকায় পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালান। তারা গতিসীমা মেনে গাড়ি চালানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানোসহ বিভিন্ন বিষয়ে চালকদের জন্য মাইকে প্রচারণা চালান।
এছাড়াও বিভিন্ন প্রচারপত্র বিতরণ করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সমন্বয়ক, সাংবাদিক পার্থ সারথি দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (প্রশাসন) (যুগ্মসচিব) মো. আজিজুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রোড সেফটি অ্যালায়েন্সের চেয়ারম্যান নুর নবী শিমু, অ্যালায়েন্সের পরিচালক সেবক-এর সভাপতি খান মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক নুরে আলম, রোড সেফটি অ্যালায়েন্স এর পরিচালক শাহীন হোসেন মোল্লা, পরিচালক আনোয়ার হোসেন আনু, নাজমুল ইসলাম, প্রকৌশলী আবুল হোসেন,আব্দুল জব্বার প্রমুখ।