নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর আসামির লোকজন হামলা চালানোর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে নগরীর দিঘারকান্দা এলাকায়।
গ্রেপ্তাররা হলেন মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে এ কে এম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত গত ১০ জানুয়ারি দুপুরে স্থানীয় মো. রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জানুয়ারি একটি মামলা দায়ের করে আহত রাসেলের পরিবার। গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে একজন এএসআই ও তিনজন কনস্টেবলসহ পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতেই থানায় মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৪০ জনকে আসামি করা হয়েছে।