July 4, 2026, 8:02 am

৩৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, October 5, 2024
  • 71 জন দেখেছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের উদ্যোগে ৩৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট দলের আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে ৭টি ব্যাচে এসব শিক্ষার্থীদের বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় গত ৪ অক্টোবর শুরু হওয়া ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ৫ অক্টোবর। আজ (শনিবার) বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
ঢাকা সিটি ইউনিটের ১৮ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা এই প্রশিক্ষণ দেন।এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে- তা তুলে ধরা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সব ধরণের মানবিক সহায়তা প্রদান করে। এসব মানবিক কর্মকাণ্ডে আমাদের মূল চালিকাশক্তি প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশের কাণ্ডারী। একটি দক্ষ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
সভাপতির বক্তব্যে মতিঝিল আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান শিক্ষার্থীদের আরও দক্ষ হতে সহায়তা করে। ফার্স্ট এইড প্রশিক্ষণ একটি অত্যাবশ্যকীয় জীবনঘনিষ্ঠ প্রশিক্ষণ। এ সম্পর্কে সবারই ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্টের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর