July 9, 2026, 10:10 am

হাদির হত্যাকারীদের অবস্থান জানে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Saturday, January 3, 2026
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে। কিন্তু এখনও শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না, আসামিরা কোথায় অবস্থান করছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এর আগে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা।
সভা শেষে তৌহিদ হোসেন বলেন, আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে তারা (আসামিরা) সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি খুব সুনির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে নিশ্চিত করে বলা যেত তারা ভারতেই রয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে।
এদিন সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর