July 9, 2026, 5:04 pm

হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 17, 2024
  • 66 জন দেখেছে

সজিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর বিমানবন্দর থানার এ মামলায় রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ আসামি আরিফ হাসানকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মো. আজিজুল হক দিদার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত ১৬ নভেম্বর রাতে বিদেশ গমনকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজিবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর