বিনোদন প্রতিবেদক :: কোটা সংস্কারের আন্দোলনের প্রভাবে স্থবির হয়ে পড়েছিল বিনোদন অঙ্গন। ১৬ জুলাই থেকে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার পর অনেক নাটকের শুটিং বাতিল করেন অভিনয়শিল্পীরা। এ কারণে হচ্ছিল না নতুন নাটকের শুটিং। আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির পর শুটিং একেবারেই বন্ধ ছিল। কারফিউ শিথিল হওয়ার পর আবারও শুরু হয়েছে টিভি নাটকের শুটিং।
গত পরশু থেকে উত্তরায় শুরু হয়েছে ‘বেলা ফুরাবার ক্ষণে’ নাটকের দৃশ্যধারণ। সাদমান রনির পরিচালনায় এ নাটকে অভিনয় করছেন সামিরা খান মাহি ও ইরফান সাজ্জাদ। গত উত্তরার দিয়াবাড়ীতে এ নাটকে শুটিংয়ের এক ফাঁকে কথা হয় ইরফান সাজ্জাদের সঙ্গে। তিনি বলেন, ‘নাটকের শুটিং শুরু করলেও মানসিকভাবে কাজের মধ্যে নেই। মনে ভয় কাজ করছে, কখন কী যেন হয়। আউটডোরে শুটিং করলেও পাবলিক প্লেসে যাচ্ছি না। লোকেশন নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে নির্মাতাকে। আশা করছি, শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তখন আগের মতো শুটিং হবে উত্তরার শুটিংবাড়িগুলোতে।
এর আগে ২৪ ও ২৫ জুলাই নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি পুবাইলে মাইদুল রাকিবের পরিচালনায় ‘গরুর ডাক্তার’ নাটকের কাজ করেছেন।
গতকাল শনিবার দিয়াবাড়ীতে গোলাম সোহবার দোদুলের পরিচালনায় ‘মোরগ পোলাও’ নাটকের শুটিং হয়েছে। আজ শেষ হবে নাটকটির দৃশ্য ধারণ। হিমি বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাটকের কাজ থেকে বেশ বিরতি নিয়ে হয়েছে। নাটকের শুটিং করতে পারছি না বলে আক্ষেপ ছিল না। কাজ তো করতেই পারব। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। অনেক মানুষ মারা গেল। সব কিছু মিলিয়ে মনটা কয়েকদিন খারাপ ছিল। কারফিউ শিথিলের পর পুরোদমেই কাজে ফিরেছি।’
নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর নাম চূড়ান্ত না হওয়া একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল গাজীপুরের পুবাইলে। ১৮ জুলাইর পর তা বন্ধ হয়ে যায়। আবার সেই নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এ ছাড়া অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা আরশ খানসহ অনেকেই কাজে ফিরেছেন।
২০ জুলাই পুবাইলে অভিনেতা ও নির্মাতা শামীম জামান নিজের রচনা ও পরিচালনায় ‘আমার একটা এক্স ছিল’ ও ‘সুখের সংসার’ নাটকের শুটিং করার পরিকল্পনা করছিলেন। দেশের পরিস্থিতির কথা বিবেচনায় রেখে শুটিং বন্ধ করেন তিনি। আগামী আগস্টের প্রথম সপ্তাহের ওই নাটক দুটির শুটিং শুরু করবেন বলে জানান তিনি। নিজেদের নিরাপত্তার কারণে অনেক শিল্পী নাটকের কাজ আপাতত বন্ধ রেখেছেন। জনমনে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত কাজে ফিরতে চাইছেন না তারা। কেউ আবার অপেক্ষায় আছেন কাজের ফেরার। নন্দিত অভিনেতা মোশাররফ করিম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরবেন ৩১ জুলাই। ফিরেই নতুন কাজের পরিকল্পনা করবেন তিনি। বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি কিছু ধারাবাহিকের শুটিং হওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। ফলে নাটকের প্রচার সংকটে পড়ে টিভি চ্যানেলগুলো। শুটিং শুরু হওয়ায় সে সংকট কাটবে বলে আশা করছেন টিভি চ্যানেল সংশ্লিষ্টরা।