July 9, 2026, 3:55 pm

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই জানুয়ারিতেই : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, November 13, 2024
  • 154 জন দেখেছে

আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং দাখিল ও কারিগরির ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আগামী ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সসের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই পাঠ্যপুস্তক পাবেন। আজ বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বৈঠকে সভাপতিত্ব করেন।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং দাখিল ও কারিগরির ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাশাপাশি ইবতেদায়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই শ্রেণিগুলোর ১২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৬৪৬টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ব্যয় হবে ৫২৭ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৭৭৭ টাকা।
সূত্র জানিয়েছে, ইবতেদায়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি শ্রেণির ৭ কোটি ৩১ লাখ ২৯ হাজার ৮৫৯টি বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। ১০৭টি লটে ৭৯টি প্রতিষ্ঠান থেকে এই পাঠ্যপুস্তক নেওয়া হবে। এতে মোট ব্যয় হবে ২৮৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ১৩৮ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ কমিটি মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) সপ্তম শ্রেণি, দাখিল সপ্তম শ্রেণি এবং কারিগরির সপ্তম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৭৮৭টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। ৯৯টি লটে ৬৯টি প্রতিষ্ঠান থেকে এই পাঠ্যপুস্তক নেওয়া হবে। এতে মোট ব্যয় হবে ২৪০ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৯ টাকা। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি, কারিগরি বোর্ডের বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা নিশ্চিত করেছি জানুয়ারির প্রথম দিকেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলো পাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর