স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রীপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছে কৃষকদল। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় হাজারখানেক নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপজেলার বরমী বাজার, গোলাঘাট ও কাওরাইদ বাজার এলাকায় দিনব্যাপী এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, দেশের কৃষক সমাজ আজ চরম অবহেলার শিকার। উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ, কিন্তু কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।
সার, বীজ ও সেচ খরচ বৃদ্ধি কৃষকদের জীবনকে কঠিন করে তুলেছে। এ সংকট থেকে উত্তরণে কৃষকবান্ধব রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় কৃষকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। অতীতে বিএনপির শাসনামলে কৃষকদের জন্য ভর্তুকি, কৃষিঋণ ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবীর, সদস্য সচিব হুমায়ূন কবীরসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কৃষকদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।