এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার নতুন দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য। তিনি এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন নেতৃত্বের হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দিল দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন এ কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার কথা রয়েছে।