বিনোদন ডেস্ক :: ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নয় দিনব্যাপী ‘ঢাকা নাট্যোৎসব’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এ উৎসবে প্রতিদিন একটি করে মোট নয়টি নাটক মঞ্চায়ন হবে।
আজ রবিবার উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘কিনু কাহারের থেটার’। মনোজ মিত্র রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার একই মিলনায়তনে মঞ্চায়িত হবে লোক নাট্যদল (বনানী) প্রযোজিত হাসির নাটক ‘কঞ্জুস’। মঙ্গলবার তৃতীয় দিনে ঢাকা পদাতিকের প্রযোজনায় মঞ্চায়িত হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’।
চতুর্থ দিন বুধবার বাঁশরী রেপার্টরি দলের প্রযোজনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘আলেয়া’ মঞ্চস্থ হবে। বৃহস্পতিবার পঞ্চম দিনে আরণ্যক নাট্যদলের প্রযোজনায় থাকছে ‘কোম্পানি’।
উৎসবের ষষ্ঠ দিন শুক্রবার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’। সপ্তম দিনে তীরন্দাজ নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’, অষ্টম দিনে দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং শেষ দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ থিয়েটারের প্রযোজনায় ‘সী-মোরগ’ মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক মঞ্চায়নের আগে বিকেল ৪টা থেকে মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন। এতে নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা থাকবে।