নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে একাধিক নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত হাতিমারা থেকে লোহাকৈর মাজার, মনোয়ারা স্পিনিং মিলস থেকে বনপলাশি, বড়চালা বিস্কুট ফ্যাক্টরি থেকে সাদ নিটিং পর্যন্ত, হাতীমারা করিম মার্কেট থেকে লোহাকৈর আরকে রেডিয়াল ফ্যাক্টরি এবং কোনাবাড়ি আঞ্জুমান পাম্প থেকে হাতীমারা স্কুলসহ গাজীপুরে বিভিন্ন অঞ্চলে সর্বমোট ১১টি রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। উদ্বোধনকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এসব রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং অবহেলিত জনপদগুলোকে উন্নয়নের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা থাকলে এই ধারা অব্যাহত থাকবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মির্ধা, কাশিমপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডলসহ কাশিমপুর থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা প্রশাসক শওকত হোসেন সরকারের প্রশংসা করে বলেন, শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গাজীপুরে রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে গতি এসেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা গাজীপুরের বিভিন্ন এলাকায় এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাজের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সিটি করপোরেশন নির্বাচনে তারা জননেতা শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দেখতে চান।