July 9, 2026, 11:36 pm

রাজধানীর কারওয়ান বাজার বস্তিতে আগুনে পুড়েছে তিন শতাধিক ঘর, অঙ্গার নারী-শিশু, দগ্ধ মা-ছেলে

Reporter Name
  • আপডেট Sunday, January 14, 2024
  • 88 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: রাজধানীর কারওয়ান বাজার এলাকার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুসহ এক নারী। পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এই তথ্য জানিয়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতদের সঠিক পরিচয় জানাতে পারেননি তাঁরা।
গত শুক্রবার গভীর রাতে লাগা আগুনের এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, গত শুক্রবার রাত আড়াইটার দিকে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কাঠ, বাঁশ আর টিনের তৈরি একতলা-দোতলা তিন শতাধিক ঘরবাড়ি পুড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকে। এই বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তদন্তে জানা যাবে আসল কারণ।’
ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (ঢাকা) মো. আনোয়ারুল হক, উপসহকারী পরিচালক (জোন-১৪) মো. তানহারুল ইসলাম এবং সিনিয়র স্টেশন অফিসার (তেজগাঁও) মো. নাজিম উদ্দিন।
আগুনে হতাহত :
পুলিশ বলছে, আগুনের লাগার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা শুনতে পায়, বস্তির বাসিন্দা শারমিন আক্তার ও তাঁর ছয় বছরের ছেলেকে পাওয়া যাচ্ছে না। লাশ দুটি একেবারে পুড়ে গেছে। এ কারণে লাশ দুটি শনাক্ত করা যাচ্ছে না। হতে পারে লাশ দুটি মা ও ছেলের, তবে নিশ্চিত নয় তারা। লাশ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগুনের ঘটনায় দগ্ধরা হলো নাজমা বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার দাসপাড়া ফকিরবাড়ী গ্রামের ওমর ফারুকের স্ত্রী।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ পুড়েছে। তাঁর ছেলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এ বি এম মশিউর রহমান জানান, মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনার পর মা-ছেলে নিখোঁজ। তিনি বলেন, গভীর ঘুমে থাকা অবস্থায় আগুন লাগায় বেশির ভাগ বস্তিবাসীই পরনের কাপড় ছাড়া জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেনি। এ কারণে আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এফডিসিঘেঁষা মোল্লাবাড়ি বস্তিতে কাঠ, বাঁশ আর টিনের তৈরি একতলা-দোতলা আনুমানিক তিন শ ঘরবাড়িতে বসবাস করত নিম্ন আয়ের মানুষ। এই বস্তির বয়স ২৫ থেকে ৩০ বছর।
খোলা আকাশের নিচে বস্তিবাসী :
সরেজমিনে বস্তিতে গিয়ে দেখা যায়, হাজারখানেক মানুষ এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্তরা বলছে, সকাল থেকে তখনো তারা কিছু খেতে পারেনি। সহায়তার জন্যও কেউ আসেনি। পুড়ে যাওয়া স্থানে নিজেদের আসবাবপত্রের অবশিষ্ট অংশ খুঁজছে বস্তিবাসী। এ সময় নূপুর আক্তার নামের বস্তির এক বাসিন্দা বলেন, ‘প্রায় আট বছর ধরে এই বস্তিতে থাকি। মাছ কাটার কাজ করি কারওয়ান বাজারে। পাঁচজনের সংসার। হঠাৎ ঘরের সব জিনিস হারিয়ে নিঃস্ব আমরা। পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পারিনি।’
আগুনে সব হারিয়ে নিঃস্ব স্বপ্না বেগম জানান, তিনি কারওরান বাজারে মাছ কাটেন। স্বামী নেই। দুই মেয়েকে বিয়ে দিয়ে একাই ওই বস্তির একটি ঘরে থাকতেন। আগুনের ঘটনায় কিছুই রক্ষা করতে পারেননি।
মানবাধিকার কমিশনের উদ্বেগ:
এই আগুনের ঘটনায় নারী, শিশুসহ দুজনের মৃত্যু এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বস্তিতে বসবাসকারীরা অনেক ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। রাজধানীর বস্তিগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের বিচলিত করেছে। এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, নাকি নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ—এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তির আগুনের কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা, তা তদন্তের পর জানা যাবে। বস্তি থেকে বের হওয়ার রাস্তা সংকীর্ণ থাকায় বেশ কয়েকজন আহত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর