এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফুয়াদ হাসান হৃদয়। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফুয়াদ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
তিনি জানান, মঙ্গলবার ভোরে বাইক চালানোর সময় উত্তরা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফুয়াদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ফুয়াদ ভ্রমণপ্রিয় ছিল। বাইক নিয়ে দেশের ৬৩ জেলা ঘুরে শেষ করেছে। শুধু একটি জেলায় যাওয়া হয়নি। বাইকেই তার মৃত্যু লেখা ছিল। ফুয়াদ হাসান শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। ফুয়াদের মৃত্যুর খবরে বাকৃবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও শিক্ষকেরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।