এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজলুল করিম (৮৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আজমপুর ফুটওভার ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল করিম রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের স্ত্রী রায়হানা বিলকিস করিম জানান, তার স্বামী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন যে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল করিম উত্তরার ৬ নম্বর সেক্টরে নিজ ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন।