এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় ওয়েল্ডিংয়ের ঝালাই থেকে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৬টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে উত্তরা ১১ নং সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কের ৫০ নং প্লটের রমজান আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা জানায়, ৫০ নং প্লটের ফার্নিচার মার্কেটটির ওপর স্টিলের স্ট্রাকচার ঝালাই করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে উত্তরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা ফার্নিচার, লেপ-তোশকের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতক্ষতি হয়েছে।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, মার্কেটটিতে সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ী জুয়েলের সঙ্গে কথা বলেছি। যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।