নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের সদস্য মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), সদস্য মো. নেছার মিয়া (৪৮), সদস্য মো. ইউসুফ আলী (৪৮), সদস্য মো. ফারুক হোসেন (৪৭), সদস্য মো. মকবুল মৃধা (৫৪), সদস্য মো. মানিক মিয়া (৩৮), সদস্য মো. শাহীন (৫০), সদস্য মো. নাঈম (২৫), সদস্য মো. এমদাদুল হক (৩৭) ও সদস্য মো. আব্দুল আলীম (২২)।
উপকমিশনার তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মী। খবর পেয়ে থানার টহল দল স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।