বিনোদন প্রতিবেদক :: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়াও প্লট পেয়েছেন । তাকে দেওয়া হয়েছে ৩ কাঠার প্লট।
রাজউক সূত্রে জানা গেছে, ১৮তম বোর্ড সভায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়ে দেন।
অন্যদিকে, লিটন হায়দারের নামে ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়। গত বছরের ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন।
রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ডসভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই।’
এ বিষয়ে আরিফিন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রযোজক লিটন হায়দার সংবাদমাধ্যমকে বলেন, আমি বঙ্গবন্ধুর চেতনা ধারণ করি। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্লটের আবেদন করেছিলাম। সবকিছু বিবেচনার পরই এই সিদ্ধান্ত এসেছে। শুভর বিষয়ে লিটন বলেন, এটি একটি সরকারি সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছে। তবে আমার জানা মতে তিনি প্লট বরাদ্দ পেয়েছেন।