নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের ঐক্যের বার্তা দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক পরিবারের মতো কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার ও সালাউদ্দিন সরকার। বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির সঙ্গে টঙ্গীতে এক মঞ্চে হাত রেখে তারা গাজীপুরে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দেন।
বৃহস্পতিবার টঙ্গীতে বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা পরিণত হয় বিশাল ঐক্যের সমাবেশে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক উঁচিয়ে ধরে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং ঐক্যের ডাক দেন।
বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সালাউদ্দিন সরকার এর আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, গাজীপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এম. মঞ্জুরুল করিম রনি টঙ্গীতে তার বাসভবনে উপস্থিত হয়ে নির্বাচনী কৌশল, সমন্বয় ও মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে হাসান উদ্দিন সরকার বলেন, “গাজীপুরে বিএনপির বিজয়ের জন্য আমরা সবাই এক পরিবার। ব্যক্তিগত কোনো বিষয় নয়—দলের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য।” তিনি রনির সঙ্গে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে গাজীপুরে বিএনপিকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচারণাকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং বিএনপিকে আন্দোলন, মামলা-হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ সেই দুঃশাসনের অবসান ঘটেছে এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে।
পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুরের এমপি, মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছিলেন। তার দেখানো পথ ও আদর্শ অনুসরণ করেই তিনি গাজীপুরকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চান বলে অঙ্গীকার করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিএনপির সাবেক সহ-সভাপতি হালিমুজ্জামান ননী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদি, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বিএনপি নেতা সরাফত হোসেন, পাপ্পু সরকার, বশির উদ্দিন, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, টঙ্গী থানা বিএনপির সভাপতি কাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, যুবনেতা আসলাম মিয়া, ফরহাজ বিন প্রবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।