শারমিন খানম:: যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। দলের কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকলে তাহলে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার নিজ বাসভবনে এক সভায় এ দাবি জানান। টঙ্গীর মাদক কারবার নিয়ে এই প্রথম প্রকাশে গণমাধ্যম কর্মীদের সামনে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা জরুরী। মাদক ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যা প্রকারান্তরে দেশের ভবিষ্যৎকেই ধ্বংস করছে।
কিশোর গ্যাংয়ের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আগে এই কিশোর গ্যাংয়ের নাম ছিল না। আওয়ামী লীগের আমলে এর সৃষ্টি হয়েছে। এই কিশোররা মাদকের কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি যুব সমাজকে মাদকের এই ভয়াল পথ থেকে বেরিয়ে এসে নিজেদের সংশোধন করার এবং ‘মাদককে না’ বলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, টঙ্গীর মাজার বস্তিতে শত শত কোটি টাকার মাদকের কারবার চলে। আমি জানি মাজার বস্তির ওই জায়গায় স্বাধীনতার পর থেকেই মাদকের কারবার হয়। আমি মনে করি, প্রশাসনের সহযোগিতায় এই কারবার চলছে।’ তিনি মাদকের ডিলার ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। প্রশাসন জানে কারা কারা মাদকের কারবার করে। তাদের কাছে সব তথ্য আছে। তাদের ধরে নিয়ে যাওয়া হোক। যদি আমরাও (বিএনপি নেতারা) তদবির করি, তবে আমাদেরও ধরে নিয়ে যাক। বিএনপি মাদক, অস্ত্র, জুলুম বা ভূমি দখলের দল নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, এ ধরনের কাজে জড়িতদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে।