June 3, 2026, 4:52 pm

যানজটমুক্ত করতে মাঠে ‘বিশেষ বাহিনী’ শৃঙ্খলা ফেরাতে গাজীপুর সিটির নতুন উদ্যোগ

মো: রিয়াদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি::
  • আপডেট Wednesday, January 14, 2026
  • 107 জন দেখেছে

মো: রিয়াদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি:: দীর্ঘদিন ধরে যানজট, ফুটপাত দখল ও ভোগান্তি থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। পুলিশের সহায়ক শক্তি হিসেবে যানজট নিরসন, ফুটপাত মুক্ত রাখা ও নগর শৃঙ্খলা নিশ্চিত করতে ‘বিশেষ বাহিনী’ নামে একটি নতুন ইউনিটের যাত্রা শুরু হয়েছে।  মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এ বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জয়দেবপুর গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র ও অন্যতম বাণিজ্যিক হাব হওয়ায় এখানকার যানজট ও ফুটপাত দখল নগর ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই বিশেষ বাহিনী কোনো দমনমূলক শক্তি নয় বরং জনস্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত উচ্ছেদ অভিযান, বাজার ব্যবস্থাপনা ও যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, টেকসই নগর শৃঙ্খলা নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ বাহিনী সেই সমন্বিত ব্যবস্থাপনার একটি কার্যকর কাঠামো হিসেবে কাজ করবে। নিয়মিত তদারকি ও জবাবদিহিতার মাধ্যমে এর কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জয়দেবপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হানার মাহমুদ রানা বলেন, শৃঙ্খলা ছাড়া টেকসই ব্যবসা সম্ভব নয়। ব্যবসায়ী ও পথচারী উভয়ের স্বার্থ রক্ষায় নিয়মের ভেতর থেকে বাজার পরিচালনা করাই মূল লক্ষ্য। বিশেষ বাহিনীর মাধ্যমে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, এই সহায়ক বাহিনী জয়দেবপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্থাপনা, অটোরিকশা ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সব ধরনের উপাদান অপসারণে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে। বাহিনীর সদস্যদের জন্য ব্যতিক্রমধর্মী ও মার্জিত ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বুট জুতা ও ক্যাপ অন্তর্ভুক্ত থাকায় মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দৃশ্যমান কর্তৃত্ব নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের, প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর