নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের শ্রমজীবী মানুষের কল্যাণে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকারকে দায়িত্ব প্রদান। এ নিয়োগকে স্বাগত জানিয়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকার বলেন, “আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালন করব। বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “সরকার যদি আমার জন্য কোনো বেতন বা সম্মানী নির্ধারণ করে থাকে, তাহলে সেই অর্থ আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দেব। দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক কিংবা অসহায় মানুষের সহায়তায় এই অর্থ ব্যবহৃত হলে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
সংশ্লিষ্ট মহলের মতে, আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকারের এই ঘোষণা জনসেবামুখী মানসিকতা ও মানবিক দায়বদ্ধতার পরিচায়ক। শ্রমিক নেতারাও আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শ্রমজীবী মানুষের প্রত্যাশা, নতুন মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে।