নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, ‘এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। আমরা সরকারি চাকরি করি তাই এখন সিটি করপোরেশনে কাজ করছি। আমরা খোলামেলাভাবে নাগরিক সমস্যা জানতে চাই। চোর-পুলিশ ও ইঁদুর-বিড়াল খেলতে চাই না। আজ সোমবার (১৭ মার্চ) গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-১ টঙ্গীর হলরুমে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এসব কথা বলেন।
জিসিসির প্রশাসক বলেন, ‘৫ আগস্টের পর গাজীপুর সিটি করপোরেশনের ঠিকাদাররা কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। আমি তাদের ডেকে এনে সভা করেছি। তাদের বলেছি, আপনারা কাজ করেন, আমি টাকার ব্যবস্থা করব। তখন তারা কাজ শুরু করেন। ফলে এখন উন্নয়নমূলক কাজ চলছে। ১০০ বিঘা জমির ব্যবস্থা করা হচ্ছে। এই জমিতে ময়লা ফেলার জন্য ডাস্টবিন করা হবে। মশার ওষুধ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বিনোদন পার্ক, খেলার মাঠ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে পরিকল্পনার করা হয়েছে।’ সাম্প্রতিক ৮০ কোটি টাকার ছোট ছোট রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ যত বেশি তথ্য জানবে, তত বেশি উপকার হবে।’ তিনি অবাধ তথ্য প্রদানে নিশ্চয়তা প্রদান করা হবে উল্লেখ করে বলেন, প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড থাকবে প্রয়োজনীয় তথ্যসহ। এতে জবাবদিহি নিশ্চিত হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনে একজন পূর্ণকালীন প্রশাসক দরকার। জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসার পূর্ব পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক বিশেষ প্রয়োজন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের জোন-১ টঙ্গীর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ গাজীপুর মহানগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।