July 9, 2026, 11:39 pm

মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট মোকাবিলায় সতর্ক থাকার তাগিদ

Reporter Name
  • আপডেট Sunday, January 14, 2024
  • 90 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সৎ ও দুর্নীতিমুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দায়িত্ববোধ ও সততার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করতে হবে। দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতির ব্যাপারে কোনো আপস করা চলবে না। নিজের নয়, শুধু দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। নির্ভেজাল থাকতে হবে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্প নিতে হবে। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়টিও নিবিড়ভাবে নিয়মিত মনিটর করতে হবে।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর বাড়িতে মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন। নতুন মন্ত্রিসভার এ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়, দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পণ্যমূল্য কমিয়ে আনতে হবে।
একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুতদারদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট মোকাবিলায় সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেছেন, সৎ ও দুর্নীতিমুক্ত থাকতে হবে। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
অনানুষ্ঠানিক এই বৈঠকে অংশ নেওয়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমকালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বৈঠকে বেশ খোলামেলা কথা বলেছেন। মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ যে আস্থা নিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিয়েছে, তার প্রতি যথাযথ সম্মান জানাতে হবে। জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে। তা না হলে জনগণের আস্থার মূল্য থাকবে না। অনেক প্রতিকূলতার পরও নির্বাচন হয়েছে, জনগণ আওয়ামী লীগের ওপর আবারও আস্থা এবং বিশ্বাস রেখেছে। আবারও সরকার গঠনের সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এসব কিছুই আওয়ামী লীগের রাজনৈতিক সাফল্য।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি মন্ত্রীদের কথা বলার সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
কৃষি ও কৃষকের স্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে বিশেষ তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে রেমিট্যান্স বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, উৎপাদন বাড়ছে, পণ্যের জোগানও আছে। তার পরও দ্রব্যমূল্য কেন বাড়ছে, সেটা খতিয়ে দেখতে হবে।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রমজানের সময় বিশেষ করে বড় মজুতদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুত করতে না পারে, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মজুতবিরোধী অভিযান নিয়মিত পরিচালনারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেছেন, নতুন প্রকল্প নেওয়ার আগে ওই প্রকল্পের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, তা দেখতে হবে। সেই সঙ্গে ওই প্রকল্প নেওয়া হলে অর্থের অপচয় হবে কিনা, তাও দেখতে হবে। বিদেশ থেকে অনেক প্রকল্পেই টাকা দেওয়ার আগ্রহ দেখানো হয়। কিন্তু ওই প্রকল্পগুলো দেশের স্বার্থে কতটুকু কাজে লাগবে, সেটাও বিবেচনা করতে হবে। দেশকে এগিয়ে নেবে এবং জনগণের স্বার্থ সংরক্ষণ করবে– এমন প্রকল্পকে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে অন্যদের মধ্যে কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর