April 22, 2026, 8:38 am

ভিক্ষা বা দয়ায় নয়, কাজ করে বাঁচতে চাই: মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Thursday, January 29, 2026
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভিক্ষা বা দয়ায় নয়, বরং কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি পায় না। তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তরুণদের সেদিকেই মনোযোগী হতে হবে। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, বর্তমান রাজনীতি থেকে সততা হারিয়ে গেছে। তবে আমরা সেই সততা ধরে রাখার চেষ্টা করছি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের ভোট একটি বড় আমানত। সেই আমানত আমাকে দেবেন, কারণ আমি আপনাদেরই চেনা লোক।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছর এসব কথা বলার কোনো সুযোগ ছিল না। আমাদের শুধু জেল-জুলুম, পিটুনি আর মামলা দেওয়া হয়েছে। এখন আমরা মানুষের জন্য কাজ করতে চাই। নির্বাচিত হলে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ এবং নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নিজের পারিবারিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল আবেগপ্রবণ হয়ে বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি, ফলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর আমরা শহরের রাস্তার কাজ নিয়ে এসেছি।
ব্যক্তিগত সততার দাবি করে তিনি বলেন, আমার বাবা মির্জা রুহুল আমিনের দেওয়া অনেক জমিজমা ছিল, যার অর্ধেকের বেশি আমি বিক্রি করে দিয়েছি। এমনকি বাড়ির সামনের জমিও বেচতে হয়েছে। আমি রাজনীতি ব্যবহার করে কখনো অর্থ উপার্জন বা দুর্নীতি করিনি। আমার স্ত্রী ও সন্তানরা অত্যন্ত কষ্ট করে সংসার চালিয়েছে ও পড়াশোনা করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর