নিজস্ব প্রতিবেদক :: সোমবার (২২ জানুয়ারি) যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার শিকারপুর এবং ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে বর্ডার গার্ড ‘বিজিবির’ কাছে লাশটি হস্তান্তর করা হয়।
যশোর ৪৯-বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশ গ্রহণ করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশটি যশোর বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হবে। নিহত রইস উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯-ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২২ জানুয়ারি) ভোরে যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে যান। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। এ সময় বিএসএফের তরফ থেকে জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য রইস উদ্দিন মৃত্যুবরণ করেছেন।