নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সব সময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা চাই, কুমিল্লা-৬ আসনসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। আজ শনিবার (২০ সেপ্টম্বর) সকালে কুমিল্লা নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তুলতে হবে। পাশাপাশি পূজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-জল সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সদস্যসচিব সঞ্জিত দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১২৯টি পূজা মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সভায় অংশগ্রহণকারী পূজা কমিটির নেতারা বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।