July 9, 2026, 12:14 pm

বিএনপির নামে চাঁদাবাজি করলে দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দুলুর

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, November 7, 2024
  • 68 জন দেখেছে

নাটোরে বিএনপির নামে কেউ অন্যায়, অত্যাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি করলে দাঁত এবং হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাটোরবাসীর উদ্দেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ নাটোর সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন নাটোরের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করেছে, কোথাও তাদের চাঁদা দিতে হয়নি। যদি কেউ আপনাদের কাছে চাঁদা চায়, আমাকে অভিযোগ দেবেন। আমি কথা দিলাম, সন্ত্রাসীদের দাঁত ও হাত ভেঙে দেবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবে না। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগে মারামারি, ভাগাভাগি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। নাটোরে আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর জেলায় হিসেবে পরিণত করব।
সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কানাইখালী এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর